জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে দলটির প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে সাতটার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে পৌঁছান এনসিপির নেতা-কর্মীরা। সেখানে তাঁরা স্লোগান দিতে দিতে স্মৃতিসৌধের বেদিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় দলের সদস্যসচিব আখতার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য রাখেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তাঁর বক্তব্যে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচার। কিন্তু গত ৫৪ বছরে সেই আদর্শ বাস্তবায়ন হয়নি। আমরা, এনসিপির নেতা-কর্মীরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, সেই বাংলাদেশ গড়ার পথে কাজ করে যাব।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও মর্যাদার জন্য আমাদের বিভিন্ন প্রস্তাব রয়েছে। তার মধ্যে অন্যতম, বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবময় অবস্থানে প্রতিষ্ঠিত করা এবং ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করানো। আমরা এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। সেই ভিত্তিতে গণপরিষদ নির্বাচন করার প্রস্তাব আমরা তুলে ধরেছি। নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে কাজ করবেন। এছাড়া, অল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির কার্যক্রম বিস্তৃত করবে।