জাতীয় দলে সাকিবের ফেরার পথ এখনো খোলা: বিসিবি পরিচালক

জাতীয় দলে সবশেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর কেটে গেছে প্রায় আট মাস। বাংলাদেশ দলে আর দেখা মেলেনি সাকিব আল হাসানের। রাজনীতিতে সক্রিয় ভূমিকা, বোলিং অ্যাকশন নিয়ে জটিলতা ও দল থেকে দূরত্ব—সব মিলিয়ে তার ফেরাকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে আশার কথা শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘সাকিব সবসময় নির্বাচক ও দল ব্যবস্থাপনার বিবেচনায় থাকবেন। যে কোনো দলের জন্য তিনি একজন বড় সম্পদ। বোলিং অ্যাকশন সংশোধন করে ফেরার পর টিম ম্যানেজমেন্ট তাকে অবশ্যই নজরে রাখবে। বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্ক শেষ হয়ে যায়নি।

গত বছরের আগস্টে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতা হারায় দলটি। এরপর থেকেই জনরোষের আশঙ্কায় দেশে ফেরেননি সাকিব। বিসিবিও তাকে পরে কোনো সিরিজে বিবেচনায় নেয়নি। এমনকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রাখা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

এদিকে মাঠের বাইরেও চ্যালেঞ্জ পিছু ছাড়েনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিল। চলতি বছরের শুরুতে সেই নিষেধাজ্ঞা উঠে যায়, বৈধতা ফিরে পান সাকিব।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। তবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি।

সিনিয়রদের বিদায় ও বর্তমান পারফরম্যান্স মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছে সাকিবের ফেরা। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন, মুশফিকুর রহিম খেলছেন শুধু টেস্টে। সাকিব আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে অবসর না নিলেও খেলা হচ্ছে না তার।

এদিকে সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়েও অবনমন—ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেন, এই চার সিনিয়র ক্রিকেটার ছাড়া দলটি একরকম নতুন। তাই এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে প্রতিভা আছে। যত বেশি খেলবে, পারফরম্যান্স তত ভালো হবে। আমার ধারণা, আমরা এখন যে অবস্থায় আছি, এখান থেকে শুধু উপরের দিকেই যাওয়া সম্ভব।

সব মিলিয়ে পরিস্থিতি অনুকূলে এলে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা আছে। মাঠে আরও কয়েকটি ম্যাচ খেললে ও ফর্মে ফিরলে ফেরার বিষয়টি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবে বিসিবি—এমনটাই জানালেন বোর্ডের এই পরিচালক।

All Categories