জাতীয় দলে খেলতে হলে দেশে ফিরতে হবে, মামলা লড়তে হবে: তামিম
দেশের ক্রিকেটে দুই মহাতারকা—তামিম ইকবাল ও সাকিব আল হাসান। একসময় ঘনিষ্ঠ বন্ধু হলেও বর্তমানে তাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। রাজনৈতিক টানাপোড়েন এবং আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বিদেশে থাকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়েও শোরগোল চলছে।
সম্প্রতি ‘ডেইলি ক্রিকেট’-এর একটি পডকাস্টে খোলাখুলি কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা তাকে যোগ্য মনে করেন, তবে অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবে। তবে তাকে দেশে ফেরানো বা মামলা থেকে মুক্ত করা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িত।
আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন সাকিব। জুলাই গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তামিম আরও বলেন, দেশের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নয়। সাকিব যদি মামলার মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারে, তখনই সুযোগ আসবে। সে আমেরিকান বা পর্তুগিজ নয়, সে বাংলাদেশের ক্রিকেটার।
তিনি পরিষ্কারভাবে জানান, জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে।কোর্টে মামলা চালানো বা মামলা উঠিয়ে নেওয়া বিসিবির বিষয় নয়। দেশের হয়ে খেলতে হলে দেশে ফিরতে হবে এবং অনুশীলন করতে হবে। এটি সত্যি কথা। সিদ্ধান্তটা তার নিজের।
বর্তমানে তামিম ইকবাল বিসিবির সভাপতি পদে নির্বাচনের জন্য প্রার্থী। তবে তিনি জানিয়েছেন, নির্বাচিত হওয়ার পরও সাকিবের জাতীয় দলে খেলার সুযোগ কেবল তার ফিটনেস, অনুশীলন এবং আইনি পরিস্থিতির ওপর নির্ভর করবে।