জার্মান পর্যটক কিরিল নাটোরে প্রতারণার শিকার, থানায় কান্নায় ভেঙে পড়লেন

বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের জন্য জার্মানি থেকে নাটোরে আসা ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল নাটোর রেলস্টেশনে এসে ব্যাগ হারানোর কারণে বিপাকে পড়েছেন। ব্যাগটিতে ছিল ল্যাপটপ, ক্যামেরা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।

কিরিল জানান, বুধবার (৭ অক্টোবর) বিকাল প্রায় ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে এসে নাটোর রেলস্টেশনে নামেন। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগটি রেখে তিনি এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে তিনি ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও মালামাল রেখে যান, যিনি তাকে আশ্বস্ত করেন যে তিনি তার জিনিসপত্র দেখভাল করবেন।

কিন্তু, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে কিরিল দেখেন যে তার ব্যাগসহ মালামাল এবং ওই রেলওয়ে কর্মকর্তা, কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি।

কিরিলের দাবি, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল, যা চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি করেছে।

ব্যাগ হারানোর পর কিরিল রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে তিনি দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় ছিলেন এবং কান্নায় ভেঙে পড়েন।

নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ জানান, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে এবং পুলিশ সেখানে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।

All Categories