জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নুরুজ্জামান বাদল মারা যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি মুহাম্মদ গোলাম কিবরিয়া তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক তিনটার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই মাসুদ বাদল জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। পোস্টে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানানো হয়।