জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার

ভোট গ্রহণের দুদিন পর অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল। সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর মো. মাজহারুল ইসলাম।

শনিবার বিকেল ৫টার পর থেকে সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন প্রধান নির্বাচন কমিশন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

ভিপি পদে সাবেক ছাত্রলীগ নেতা ও পরে জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত জিতুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহর। তবে শেষ পর্যন্ত জিতু এগিয়ে যান। অন্যদিকে জিএস পদে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম বিপুল ভোটে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ–বাগছাসের আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

নির্বাচনের ফল অনুযায়ী, ২৫টি কেন্দ্রীয় পদের মধ্যে ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক—এই চারটি পদে শিবির সমর্থিত প্রার্থীরা হেরে গেছেন। বাকি ২১টি পদে তাদের প্রার্থীরাই জয়ী হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোট গ্রহণ হয়। রাতে সোয়া ১০টার পর ভোট গণনা শুরু হয়। হাতে গণনা করায় দীর্ঘ সময় লেগে যায় ফল প্রকাশে। প্রায় ৪০ ঘণ্টা গণনার পর শনিবার ফল ঘোষণা করা হলো।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ। প্রার্থী ছিলেন ১৭৭ জন। তবে বিএনপিপন্থী ছাত্রদলসহ চারটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন। নানা অনিয়ম ও সমান সুযোগ না থাকার অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ চারজন শিক্ষক কমিশন থেকে পদত্যাগ করেন।

জাকসুর নির্বাচিত কেন্দ্রীয় নেতারা

সহসভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন)

সাধারণ সম্পাদক (জিএস): মো. মাজহারুল ইসলাম, ইংরেজি বিভাগ (শিবির সমর্থিত)

সহসাধারণ সম্পাদক (ছাত্র): ফেরদৌস আল হাসান, প্রত্নতত্ত্ব বিভাগ (শিবির সমর্থিত)

সহসাধারণ সম্পাদক (ছাত্রী): আয়েশা সিদ্দিকা মেঘলা, দর্শন বিভাগ (শিবির সমর্থিত)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা, ফার্মেসি বিভাগ (শিবির সমর্থিত)

পরিবেশ সম্পাদক: মো. শাফায়েত মীর, গণিত বিভাগ (শিবির সমর্থিত)

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম বাপ্পি, ইংরেজি বিভাগ (শিবির সমর্থিত)

সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরণ, বাংলা বিভাগ (স্বতন্ত্র)

সমাজসেবা সম্পাদক: আহসাব লাবিব, গণতান্ত্রিক ছাত্র সংসদ–বাগছাস

All Categories