জাকসুর তফসিল ঘোষণা, ১১ সেপ্টেম্বর নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে তফসিল ঘোষণা করেন জাকসুর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, আজ বিকেলে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি।

মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। যাচাই-বাছাই হবে ২১-২৪ আগস্ট, আর ২৫ আগস্ট প্রকাশ হবে খসড়া প্রার্থী তালিকা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শুনানি হবে ২৭ আগস্ট, একই দিন বিকেল ৪টায় ঘোষণা হবে আপিলের রায়। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৮ আগস্ট বিকেল ৪টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল ৪টায়।

প্রচারণা শুরু হবে ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে, চলবে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে বিরতিহীনভাবে।

জাকসুর তফসিল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ ২১টি হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

All Categories