জাকসু নির্বাচনের ভোট গণনা কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় মারা গেছেন পোলিং অফিসার ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (৩১)।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ভোট গ্রহণ শেষে গতকাল সন্ধ্যায় তিনি বাসায় ফেরেন। আজ সকালে আবার সিনেট ভবনে এসে গণনার কক্ষের সামনে হঠাৎ পড়ে যান।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি পাবনা শহরের কাচারীপাড়া মহল্লায়। তিনি দৈনিক ইত্তেফাক-এর পাবনা প্রতিনিধি রুমী খন্দকারের মেয়ে। তাঁর মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
২০১৬ সালে বিএফএ ও ২০১৮ সালে এমএফএ শেষ করেন জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে। পরে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শোক প্রকাশ করেছেন। জানাজার সময় পরে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।