ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, ম্যাচে বৃষ্টির শঙ্কা
শ্রীলঙ্কার মাটিতে আজ ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল।
এখনো পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ জয় পায়নি। খেলেছে সাত সিরিজ, প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। এবার সেই অভিশাপ ঘোচানোর সুযোগ।
তবে শুধু প্রতিপক্ষ শ্রীলঙ্কা নয়, এই ম্যাচে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ বৃষ্টি। কারণ পাল্লেকেলেতে সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচের প্রতিটিতেই ওভার কমেছে বৃষ্টির কারণে। সর্বশেষ ম্যাচটি তো পরিত্যক্তই হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও রয়েছে বৃষ্টিপাতের শঙ্কা।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ কিংবা মাশরাফি বিন মুর্তজাহীনির্ভর বাংলাদেশ নয়; এই সিরিজে নতুন পথচলা শুরু করেছে একঝাঁক তরুণকে নিয়ে। নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ব্যাটিং ধসের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দল।
সেই ম্যাচে ব্যাট হাতে দৃঢ়তা দেখান পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। বল হাতে চমক দেখান স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে ৫ উইকেট শিকার করে তিনিই হয়ে উঠেছিলেন দলের জয়ের নায়ক।
শুধু তানভীরই নয়, বল হাতে কার্যকর ভূমিকা রাখেন শামীম হোসেন পাটোয়ারীও। আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত শামীম এ ম্যাচে বল হাতে ছিলেন মিতব্যয়ী—৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট।
দলের অভিজ্ঞ মুখ নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখনো ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি। সিরিজ জয়ের মঞ্চে আজ তাঁদের কাছ থেকেও প্রত্যাশা থাকবে বড় ইনিংসের।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছিল আড়াই শ ছুঁই ছুঁই রান। আজও যদি ব্যাটাররা এমন সংগ্রহ এনে দিতে পারেন, তাহলে বোলারদের জন্য জয়ের পথ প্রশস্ত হতে পারে।
সিরিজের প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর নজির এর আগে বাংলাদেশ গড়েছিল শুধু একবার, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেই নজির পুনরাবৃত্তি করতে পারলে হবে নতুন ইতিহাস।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।