ইনুর মন্তব্যে মুচকি হাসি মেননের: ‘দিন আমাদেরও আসবে’
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে’ জবাবে মুচকি হেসে থাকেন মেনন।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে সরকারের পতনের পর একাধিক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের শরিক দুই দলের এই হেভিওয়েট নেতাদের রিমান্ড শুনানির জন্য হাজির করা হয়।
শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনছিলেন শুনানি। পাশে থাকা ইনুও তাতে সঙ্গ দিচ্ছিলেন। শুনানির সময় আদালতে থাকা অন্যান্য সাবেক মন্ত্রী ও এমপি আসামিদের অনেকে কখনো হাসছিলেন, আবার কখনো বিরক্তি প্রকাশ করছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায় তাদের।
শুনানির ফাঁকে ইনুর মন্তব্য ‘দিন আমাদেরও আসবে’ এ উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে। তবে এ নিয়ে মেনন কিছু না বললেও তার মুখের মুচকি হাসিই যেন ছিল একপ্রকার উত্তর।
শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে জানান, ‘কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী বলেন, মেনন সাহেব এখন অসুস্থ। উনার বয়স ৮৩ বছর। কাল হাসপাতালে নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
শুনানি শেষে আদালত নতুন একটি মামলায় ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আবার আদালতের হাজতখানায় নেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ইনু ও মেননসহ শরিক দলগুলোর একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় এরই মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের।