ইলন মাস্কের আমেরিকা পার্টিকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক সম্প্রতি ‘আমেরিকান পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর ট্রাম্প একে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।

রোববার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমেরিকায় সব সময়ই দুই দলীয় ব্যবস্থা ছিল। তৃতীয় একটি দল শুরু করা খুবই হাস্যকর। এতে শুধু বিভ্রান্তি বাড়বে।

এর আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাস্ক লিখেছিলেন, রিপাবলিকান ও ডেমোক্রেট—এই দুই প্রধান দলের বাইরে গিয়ে নতুন দল গঠন করছেন তিনি। তাঁর দল ‘আমেরিকান পার্টি’ ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দিতে পারে, তবে আপাতত তাঁদের লক্ষ্য আগামী ১২ মাসে হাউজ ও সিনেটে প্রভাব বিস্তার করা।

ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক একসময় ঘনিষ্ঠ ছিল। ট্রাম্প প্রশাসনে মাস্ক ছিলেন সরকারি ব্যয় হ্রাসকরণ কমিটি ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির’ প্রধান। তবে সাম্প্রতিক সময়ে মাস্ক যুক্তরাষ্ট্রের বাড়তি ব্যয়ের বিরুদ্ধে সরব হয়েছেন।

রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে মাস্ককে নিয়ে লেখেন, গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাতে দেখেছি। সে যেন এখন এক ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।

ট্রাম্প মাস্কের ‘ইলেকট্রিক ভেহিকেল আদেশ’ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই আদেশ বাস্তবায়িত হলে জনগণকে জোর করে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।

ট্রাম্প দাবি করেন, ৪ জুলাই আইনে পরিণত হওয়া তাঁর ট্যাক্স ও ব্যয় পরিকল্পনায় ইলেকট্রিক গাড়ির জন্য করছাড় তুলে নেওয়া হয়েছে। এখন মানুষ ইচ্ছামতো পেট্রোলচালিত, হাইব্রিড বা ইলেকট্রিক—যেকোনো ধরনের গাড়ি কিনতে পারবে।

নতুন আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে ব্যয় বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা খাতে বাজেট কাটছাঁট করা হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাস্ক তাঁর নতুন রাজনৈতিক দলের ঘোষণায় বলেন, “আমেরিকায় একটি সত্যিকারের বিকল্প দরকার। ‘আমেরিকান পার্টি’ সেই শূন্যস্থান পূরণ করবে।

All Categories