হত্যাচেষ্টা মামলার রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

দুপুরে গুলশান থানা–পুলিশ সাত দিনের রিমান্ড শেষে সিদ্দিককে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে সিদ্দিকের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩০ এপ্রিল আদালত সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ২৯ এপ্রিল কাকরাইলের ডেইলি রোডে হাঁটার সময় জনতা তাঁকে আটক করে মারধর করে রমনা থানায় সোপর্দ করে। সেখান থেকে গুলশান থানায় হস্তান্তর করা হলে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রিকশাচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় জব্বার আলী বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।

All Categories