হোয়াইটওয়াশ হয়ে দুঃখপ্রকাশ করে লিটন বললেন, ‘আমরা ঘুরে দাঁড়াব’
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে একটিও ম্যাচ জিততে না পারায় হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় অধরাই থেকে যায় বাংলাদেশের। মোহাম্মদ হারিসের বিধ্বংসী শতকে ১৬ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান।
সিরিজ শেষে লিটন বলেন, বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব।
শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো শুরুর পরও বোলারদের ব্যর্থতায় হারের দায় মেনে নিয়েছেন লিটন। বলেন, অবশ্যই হতাশ। আমরা ভালো বোলিং করিনি। আগের দুই ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংও ভালো ছিল না। তবে সম্ভবত এই ম্যাচে ব্যাটিং খুব ভালো হয়েছে।
তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উজ্জ্বল সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম। ৬৪ বলে ১১০ রানের জুটি গড়ে পাকিস্তানের মাটিতে সফরকারী দলের হয়ে প্রথম শতরানের ওপেনিং জুটির রেকর্ড গড়েন তাঁরা। ইমন করেন ৩৪ বলে ৬৬, তানজিদ ৩২ বলে ৪২ রান।
তবে মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহের সম্ভাবনা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ ৫৬ বলে আসে মাত্র ৮৬ রান। লিটন (১৮ বলে ২২), হৃদয় (১৮ বলে ২৫), শামীম, জাকের ও তানজিমদের ছোট ছোট ইনিংসে দল থামে ১৯৬ রানে।
ম্যাচ শেষে লিটনের পর্যবেক্ষণ, প্রতিপক্ষ ব্যাটসম্যান অনুযায়ী কৌশল নির্ধারণে ঘাটতি ছিল বোলারদের। বলেন, ভিন্ন ব্যাটসম্যানদের আলাদাভাবে সামলাতে জানতে হবে। একেকজনের শক্তি ও দুর্বলতা ভিন্ন। সেটা বুঝে বোলিং করতে হবে আমাদের।
তবে ব্যাটিং নিয়ে সন্তুষ্টি ঝরেছে অধিনায়কের কণ্ঠে, ইমন ও তামিম খুব ভালো শুরু করেছে। শুধু তারা নয়, বেশির ভাগ ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলেছে।
গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের উচ্ছ্বাসের পাশাপাশি বাংলাদেশের সমর্থনও মন ছুঁয়েছে লিটনের, দর্শকরা অসাধারণ ছিল। দুই দলকেই সমর্থন করেছে, দারুণভাবে উপভোগ করেছে খেলা।
পাকিস্তান সফর শেষে এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। লিটনের কণ্ঠে ভরসার সুর, দল ঘুরে দাঁড়াবে।