হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া, সোমবার থেকে দায়িত্বে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ক্যাটি জাকারিয়াকে নিয়োগ দিয়েছেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে স্বল্প সময়ের জন্য কাজ করেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তার নিয়োগের ঘোষণা দেন। তিনি জাকারিয়ার ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কাজ এবং ফক্স নিউজ ও নিউজম্যাক্সে নিয়মিত উপস্থিতির কথা উল্লেখ করেন।

নিয়োগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জাকারিয়া বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করার সুযোগ তার জীবনের অন্যতম বড় সম্মান।

ফক্স নিউজকে শুক্রবার সন্ধ্যায় জাকারিয়া জানান, তিনি সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তবে হোয়াইট হাউসে প্রথম সংবাদ ব্রিফিং কবে হবে, তা তিনি জানাননি।

জাকারিয়া বলেন, ট্রাম্পের জন্য তার লড়াকু ভূমিকা প্রেসিডেন্টের ভালো লেগেছে এবং প্রেসিডেন্ট নিজেই তাকে ফোন করে এ দায়িত্বের প্রস্তাব দেন।

নতুন প্রেস সেক্রেটারি বাছাইয়ের আগে ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন। তাদের মধ্যে সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও ছিলেন। লেভিটের পরামর্শ নিয়ে ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

জাকারিয়া গত জুন থেকে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ও ট্রুথ সোশ্যালের জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি প্রায় দুই মাস স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জাকারিয়ার কর্মজীবন ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে ইন্টার্ন হিসেবে শুরু হয়। পরে তিনি ট্রাম্প-সমর্থক রিচার্ড গ্রেনেলের প্রতিষ্ঠিত রক্ষণশীল সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ার আইন উপদেষ্টা হিসেবেও কাজ করেন।

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের সিদ্ধান্তটি দ্রুত নেওয়া হয়েছে। গত সপ্তাহেও জাকারিয়াকে এ পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল না বলে জানা গেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, নতুন প্রেস সেক্রেটারি খুঁজতে গিয়ে কয়েকজন পরিচিত ব্যক্তির নাম বিবেচনায় এলেও তাদের মধ্যে কেউ কেউ অতীতে ট্রাম্পের সমালোচনা করেছেন, যা প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া জটিল করে তোলে।

All Categories