Oct 31, 2025
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আজ বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আজ বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স যেন এখন এক অনন্ত আলোচনার বিষয়। প্রায় প্রতিটি ম্যাচের পরই সমালোচনার কেন্দ্রে থাকে ব্যাটারদের ব্যর্থতা। বোলাররা লড়াইয়ের আশা জাগালেও, ব্যাটাররা সেই আশাকে হতাশায় রূপ দিতে যেন অভ্যস্ত হয়ে উঠেছেন। গত এক বছর ধরে কোনো ব্যাটারই ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না— তা যে ফরম্যাটেই হোক না কেন। বিশেষ করে ওয়ানডেতে ব্যাটিং দুর্বলতা ছিল প্রকট, যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিতেছিল বাংলাদেশ।

তবে চট্টগ্রামের বন্দরনগরে এসে সেই দুর্বলতা আরও স্পষ্ট। মিরপুরের মতো স্পিনসহায়ক কালো উইকেট এখানে নেই। ফরম্যাটও বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা যাচ্ছে না। ফলে ইতোমধ্যে দুই ম্যাচ হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে লিটন দাসের দল। আজ (শুক্রবার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে বাংলাদেশ— লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ এড়ানো।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। দল গঠনে পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে। আগের ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হওয়া জাকের আলি অনিক একাদশ থেকে বাদ পড়তে পারেন। তার জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

ব্যাট হাতে রান না পাওয়ায় শামীম পাটোয়ারীকেও একাদশ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার বদলে ফিরতে পারেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। পেস বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে— তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

এ ছাড়া তাওহীদ হৃদয়কে বিশ্রাম দিলে দলে দেখা যেতে পারে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

সিরিজ ইতিমধ্যে হাতছাড়া, কিন্তু শেষ ম্যাচটি মর্যাদা রক্ষার লড়াই হিসেবে দেখতে চায় বাংলাদেশ দল। আজ চট্টগ্রামে দেখা যাবে— ব্যাটাররা নিজেদের ব্যর্থতার বেড়াজাল ভাঙতে পারেন কি না।

All Categories