হলে গিয়ে দেখেছি দর্শকরা কাঁদছেন : দীঘি
শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করা প্রার্থনা ফারদিন দিঘী এখন নিজেকে ঢালিউডের অন্যতম সম্ভাবনাময়ী ও সুন্দরী নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনীত সিনেমার সংখ্যাও বাড়ছে, বাড়ছে জনপ্রিয়তাও।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত তার কাজ হলো ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। এতে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় দীঘিকে। সিনেমাটি মুক্তির পর থেকেই তিনি রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বর্তমানে বড় পর্দায় অন্যান্য সমসাময়িক নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে দীঘি নিজেকে অনেকটাই শক্ত অবস্থানে নিয়ে এসেছেন। দর্শক মহলেও তার অভিনয় ও উপস্থিতি প্রশংসিত হচ্ছে।
দর্শকদের এমন ভালোবাসা ও ইতিবাচক সাড়া নিজের জন্য বড় প্রাপ্তি বলেই মনে করেন দীঘি। তিনি জানান, দর্শকদের ভালোবাসা আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
শিশুশিল্পী হিসেবে শুরু করা দীঘির অভিনয়জীবন এখন নতুন এক অধ্যায়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পর্দায় তার সাবলীলতা ও আত্মবিশ্বাস বলছে এই যাত্রা আরও দীর্ঘ হবে।