হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো: মির্জা ফখরুল

নৌকা প্রতীক না থাকায় দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের সবাইকে বিপদের মধ্যে ফেলে তিনি চলে গেছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করত।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চায়। কারণ একাত্তরই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। পাকিস্তানের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ যারা শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, আজ তারাই আবার দেশ শাসনের জন্য ভোট চাইছে। তাদের ভোট দিলে দেশের সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, হিন্দু ভাই-বোনদের মধ্যে একটি ভয়ের অনুভূতি কাজ করে তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে। তবে বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগেই বলেছেন, এই দেশের সবাই সমান নাগরিক। তাই ভয়ের কোনো কারণ নেই। সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, বিএনপি আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের সকল নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার অধিকার, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দলটি আপসহীন থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

All Categories