হামের উপসর্গে এক দিনে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২৭

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩২৭ জন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহে একজন এবং বরিশালে একজন।

অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, ফলে মোট সন্দেহভাজন সংক্রমণ দাঁড়িয়েছে দুই লাখ ৮ হাজার ৫৭০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন; মোট নিশ্চিত রোগী এখন ২২ হাজার ৮৪০ জন।

১৫ মার্চ থেকে সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

All Categories