হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু একজনের

দেশে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে মারা গেছেন একজন। চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হামের নতুন রোগী হিসেবে ১৩৪৯ শিশু উপসর্গে আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১,২৬৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১,১৪৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর এবং বাকি ১,০৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৫ হাজার ৯০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২,০২,৮৯৩ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২২,১৯৭ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৭ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১,৭২,৭০৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে এবং নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬০ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১,৩০০ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ৯ দিনে মৃত্যু হয়েছে ৫০ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ১৫,৮৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রামে ৩১৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬, খুলনায় ২৭৪, ময়মনসিংহে ৬৯, রংপুরে ৮০ জন এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১,১৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৪৫১-তে। এ বছর মোট মৃত্যু হয়েছে ২৯৫ জনের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ও ডেডিকেটেড ওয়ার্ডগুলোতে মোট ১২৭ জন চিকিৎসাধীন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মিনহাজ (১৮), ফুলবাড়িয়া উপজেলার হারিছা বেগম (৬৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার মরিয়ম (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ বছরের এক কিশোরী, মুসকান আরা মিমের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন। মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে। ড. মাহবুব হাসান জানান, মিম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে সে মারা যায়।

All Categories