গৌরীপুরে অগ্নিকাণ্ডে পুড়লো ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের ফলে সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

All Categories