গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে

সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রীর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পুলিশ বন্ধ ঘরের দরজা ভেঙে মরদেহ নামানোর কাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা রুমে যান। পরে ৫টার দিকে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন মরিয়ম ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানায় খবর দেন।

প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল এসে দরজা ভেঙে লাশ নামিয়েছে। তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিসি ইবনে মিজান।

All Categories