ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আইনসম্মত, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, গত ১৭ বছরে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাঁদের স্মরণে নিজ নিজ এলাকায় অন্তত একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা—এই জাদুঘর কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির একক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। বরং এটি হবে গণতন্ত্র, আত্মত্যাগ এবং জনগণের সংগ্রামের ইতিহাস সংরক্ষণের একটি নিরপেক্ষ স্মারক।
তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফলক উন্মোচনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।