ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত দেহ, হ*ত্যার অভিযোগ

চট্টগ্রাম মহানগরের সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় আবু কায়সার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে সিএমপির উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, সুরতহাল রিপোর্টে কায়সারের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ দাবি করছেন, তিনি ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ নেতা যিনি তিনি কায়সার আহমেদ।যার মরদেহ উদ্ধার হয়েছে তিনি বিএসআরএমের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, আমাদের টিম কাজ করছে। থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।এ ছাড়া আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, আবু কায়সার ফিরোজশাহ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তারা তিন ভাই। আমরা সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মায়ের কাছে হস্তান্তর করেছি।

মঙ্গলবার দাফনও হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কায়সারের রাজনৈতিক পরিচয় দাবি করা হয়নি।এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কায়সারকে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

All Categories