এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল আজ বাংলাদেশ-পাকিস্তান
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। কার্যত এটি টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল। কারণ জয়ী দলই রবিবার ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও সনি স্পোর্টস–১।
সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশ দু’দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে। তবে ভারতের কাছে হেরে সমান অবস্থানে আছে তারা। ইতিমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারত। শুক্রবার তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হলেও সেটি মূলত নিয়মরক্ষার লড়াই, কারণ শ্রীলঙ্কা ইতোমধ্যে বিদায় নিয়েছে।
যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তবে চলতি আসরে সেটি হবে ভারত-পাকিস্তানের তৃতীয় মোকাবিলা। তবে আশ্চর্যের বিষয়, এর আগে কখনো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়নি।
বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার বড় কারণ অধিনায়ক লিটন দাসের ইনজুরি। তাকে পাওয়া যাবে কি না, তা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। লিটন না থাকায় ভারতের বিপক্ষে দলের নেতৃত্ব দেন জাকের আলী। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমাদের বোলিং ভালো হয়েছে। ব্যাটিংও এক পর্যায়ে ভালো হয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ব্যাটিং বিভাগকেই দায়িত্ব নিতে হবে। এটা আমাদের বাঁচা-মরার লড়াই।’
অন্যদিকে, পাকিস্তান স্বস্তি পেয়েছে ওপেনার ফখর জামানকে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে দুষ্মন্ত চামিরার এক বাউন্সারে হেলমেটে আঘাত পাওয়ার পর মাঠেই কনকাশন টেস্ট হয় তাঁর। চিকিৎসার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। আজ বাংলাদেশের বিপক্ষে তাকে ফিট ঘোষণা করেছে দল।
সংবাদ সম্মেলনে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ ভালো দল এবং সাম্প্রতিক সময়ে ভালো খেলছে। তাই শুরুটা আমাদেরকেই করতে হবে। প্রথম আঘাতটা দিতে হবে আমাদের, ওদের কোনও সুযোগ দেওয়া যাবে না।’
তিনি আরও যোগ করেন, ‘তিনটা বিভাগেই—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—ভালো খেলতে হবে। আপাতত মনোযোগ শুধু বাংলাদেশ ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান/পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।