এসএ-টুয়েন্টির নিলামে অবিক্রীত নাহিদ রানা, এবার মাঠ মাতাবেন রিশাদ হোসেন

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ পেসার নাহিদ রানা। সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্রিকেটপ্রেমীদের অনেকেরই ধারণা ছিল, দক্ষিণ আফ্রিকার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘এসএ-টুয়েন্টি’র নিলামে চড়া দামে দল পাবেন বাংলাদেশের এই স্পিডস্টার।

কিন্তু বুধবারের জমকালো নিলামে কোনো দলই তাঁকে কেনেনি, অবিক্রীত থেকে গেছেন নাহিদ রানা। এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে তিনিই ছিলেন একমাত্র প্রতিনিধি।

তবে এবার এসএ-টুয়েন্টির মঞ্চ মাতাতে যাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি এই টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে খেলবেন। নিলামের বেশ আগে, গত আগস্টে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ সরাসরি চুক্তিতে তাঁকে দলে নেয়।

সানরাইজার্স ইস্টার্ন কেপের স্কোয়াডে আছেন কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, আনরিখ নর্কিয়া, ত্রিস্তান স্টাবস, ম্যাথু ব্রিটসকে ও অ্যাডাম মিলনের মতো তারকারা। বুধবারের নিলাম থেকে নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনের মতো আন্তর্জাতিক পেসারদেরও কিনেছে দলটি। এসএ-টুয়েন্টির চারটি আসরের তিনটিরই শিরোপা জিতেছে তারা।

আগামী জানুয়ারিতে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের পঞ্চম আসর। ২০২৭ সালের ১৭ জানুয়ারি শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি পর্দা নামবে টুর্নামেন্টের।

তবে মাঠে নামার আগে রিশাদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি সংগ্রহ করতে হবে। দেশের বাইরের ঘরোয়া লিগে পাকিস্তানের পিএসএল ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে এই লেগ স্পিনারের।

All Categories