এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এম এ মালেক।
তিনি বলেন, “আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদ করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি ঈদের পরে, এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।”
এম এ মালেক আরও জানান, ডাক্তাররাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন এবং ম্যাডামের চিকিৎসা সেভাবেই চলছে। তবে ফ্লাইটের বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে ফ্লাইট না পাওয়া গেলে যাওয়া দুই-এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। তবে ম্যাডাম দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের নেতার দেশে ফেরার সময় এখনো নিশ্চিত নয়। ম্যাডাম খালেদা জিয়া ফেরার কিছুদিন পর হয়তো তিনি ফিরবেন। তবে একসঙ্গে দুজন দেশে ফিরবেন না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।
বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার দেশে ফেরার খবর বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।