Apr 09, 2025
এমিরেটসে ডেকলান রাইসে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

এমিরেটসে ডেকলান রাইসে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের  কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অসাধারণ দুই ফ্রি কিক থেকে সরাসরি দুই গোল করে ইতিহাস গড়েছেন ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। 

বুধবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচে আর্সেনালের স্প্যানিশ কোচ দলকে ৪-৩-৩ ফর্মেশনে সাজান। অপরদিকে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আন্সেলত্তির ফর্মেশন ছিল ৪-৪-২। ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও স্কোরলাইন গোলশূন্য ছিল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় নিয়ন্ত্রণ নেয় গানাররা। দ্বিতীয়ার্ধের মাত্র ১৭ মিনিটেই গানারদের কাছে উড়ে যায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৬৭ মিনিটে ডি বক্সের বাইরে ফরোয়ার্ড  বুকায়াকো সাকাকে রিয়াল মাদ্রিদের আলাবা ফাউল করলে ফ্রি কিক পায় আর্সেনাল। ডেক্লান রাইসের বাঁকানো কিকে বল জড়িয়ে যায় মাদ্রিদের জালে।

খেলোয়াড়দের সাথে পুরো স্টেডিয়ামের সমর্থকরা বুনো উল্লাসে মেতে ওঠে। ৭০ মিনিটে সাকাকে ডি বক্সের বাইরে ফেলে দেন ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা। ফ্রি কিক পায় আর্সেনাল। আবারও শট নিতে আসে রাইস। এক বুলেট গতির শটে বিশ্বসেরা বেলজিয়ান গোলকিপার থিবোয়া কোর্তায়াকে পরাস্ত করে গোল করেন ডেক্লান রাইস।

মূলত এ গোলেই ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। হতাশা ফুটে ওঠে মাদ্রিদের খেলোয়াড়দের চোখে-মুখে। ম্যাচের ৭৪ মিনিটে ডি বক্সের ভেতরে ইংলিশ টিনেজার মাইলস লুইস-স্কেলির বাড়ানো পাস থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল মেরিনো। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লীগের সেকেন্ড রাউন্ডে আর্সেনালের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এবারও প্রথম লেগে ৩-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারালো আর্সেনাল। ২য় লেগের ম্যাচ ১৭ এপ্রিল মাদ্রিদের বের্নাবেউ স্টেডিয়ামে।

 

All Categories