ক্যানসারে আক্রান্ত সাবেক এমপি শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এক পডকাস্টে জানিয়েছেন যে তার ক্যানসার রোগ বর্তমানে চতুর্থ স্তরে রয়েছে।
২০ নভেম্বর শুক্রবার রাতে একটি অনলাইন টক শোতে অংশ নিয়ে শামীম ওসমান তার অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। ওই পডকাস্টের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। এই দাবিকে নিয়ে অনেকেই প্রশ্ন তোলায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
শামীম ওসমান পডকাস্টে বলেন, “আমি অসুস্থ, আমার ক্যানসার হয়েছে। ডাক্তাররা বলছেন এটি ফোর্থ স্টেজের ক্যানসার।” তিনি আরও জানান, “আমি কতদিন বাঁচব তা জানি না, তবে আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে।” এছাড়াও তিনি বলেন, তার অসুস্থতার খবর শুনে কিছু মানুষ হয়তো খুশি হতে পারেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে শামীম ওসমান আত্মগোপনে যান এবং পরে গোপনে দেশের বাইরে চলে যান। বর্তমানে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার বিচার চলছে।