মাফিয়া তদন্তে অভিযুক্ত ইতালির সাবেক পুলিশ প্রধানের আত্মহত্যা

ইতালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেন্নারো, যিনি মাফিয়া সম্পর্কিত একটি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে আড়ালে ছিলেন, তিনি আত্মহত্যা করেন। শনিবার দেশটির সরকারি কর্তৃপক্ষ ৭৮ বছর বয়সী এই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃতদেহ তার নিজ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারসেক্রেটারি আলফ্রেদো মান্তোভানো একজন সরকারি কর্মকর্তার এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দে জেন্নারো ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির পুলিশ প্রধান হিসেবে কাজ করেছিলেন। সম্প্রতি সিসিলির কালতানিসেত্তার কৌঁসুলিরা পালের্মোতে মাফিয়া বোমা হামলার তদন্তে তাকে বাধা দেওয়ার অভিযোগে তার নামে পদক্ষেপ গ্রহণ করেন এবং গৃহবন্দি রাখার প্রস্তাব দেন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং এখনও কোনো আদালত তার বিরুদ্ধে রায় দেননি।

জিয়ান্নি দে জেন্নারো ছিলেন দীর্ঘদিন ধরে মাফিয়ার বিরুদ্ধে লড়াইয়ের মুখ্য ব্যক্তি। ১৯৮০-এর দশকে তিনি বিচারক জিওভান্নি ফালকোনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং ব্রাজিল থেকে মাফিয়া রাজসাক্ষী তোমাসো বুসচেত্তার প্রত্যার্পণেও ভূমিকা নেন। পরে তিনি মাফিয়া বিরোধী তদন্ত অধিদপ্তরের প্রধান হন। ২০০১ সালে তিনি জেনোয়ায় জি-৮ সম্মেলনের নিরাপত্তা তদারকায় নেতৃত্ব দেন, যেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে বিতর্ক সৃষ্টি হয়।

২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত দে জেন্নারো রাষ্ট্রীয় মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

All Categories