মীর শাহে আলম: প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ. লীগ নিষিদ্ধ করা হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধী দলগুলোর সঙ্গে একমত হলে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। তিনি এই মন্তব্য আজ শনিবার রংপুরে এক স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। সরকারের পাশাপাশি বিরোধী পক্ষের সমর্থন থাকলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আগের অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, সেটি যৌক্তিক ছিল। কারণ জনগণের কাছে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আগুনে পুড়িয়ে দেওয়া, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে তারা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। সম্প্রতি আবারও একটি নির্দিষ্ট জেলায় এ ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে।

গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, যদি কোনও জেলার মানুষ মনে করে তাদের থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেই থানাকে বন্ধ করে দেবে।

All Categories