একজন কম নিয়েও রিয়ালের দাপুটে জয়
মাঠে তখন মাত্র সপ্তম মিনিট। পচুয়া ফরোয়ার্ড সালোমন রনডন একেবারে একা ছুটছিলেন গোলপোস্টের দিকে। বিপজ্জনক পরিস্থিতি আঁচ করে পেছন থেকে তাকে জাপটে ধরেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও। স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করায় দৌড়ে এসে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।
কঠিন এই পরিস্থিতিতেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাভি আলোনসোর শিষ্যরা। রবিবার নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে পাচুয়াকে ৩-১ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা।
প্রথমার্ধের শেষ দিকে জুড বেলিংহাম ও আর্দা গুলেরের দুটি গোল রিয়ালকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভলিতে ফেদেরিকো ভালভার্দে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের একেবারে শেষ দিকে পাচুয়ার হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন মন্তিয়েল।
তবে গোল পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারেনি পাচুয়া। পুরো ম্যাচে তারা নিয়েছিল ২৫টি শট, যার ১১টি ছিল লক্ষ্যে। কিন্তু রিয়ালের গোলবারের নিচে ছিলেন এক প্রাচীর থিবো কোর্তোয়া। দুর্দান্ত পারফরম্যান্সে ১০টি সেভ করে তিনি গড়েছেন ক্লাব বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড।
এই জয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার সালজবুর্গ। আগামী শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে সালজবুর্গের মুখোমুখি হবে আলোনসোর রিয়াল।
ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। একজন কম নিয়ে পুরো ম্যাচ খেলা খুব কঠিন ছিল। তবে আমরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ম্যাচটা সামলেছি, তাতে আমি খুবই সন্তুষ্ট।