এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন থেকেই যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যৌথ বাহিনীর অভিযান ইতোমধ্যে চলমান রয়েছে। এ বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য জানানো হবে। তিনি জানান, প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ২টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাঁদের প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র‍্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ অংশ নেন।

এরও আগে রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

All Categories