ঈদে আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকবে বাহিনী: স্বরাষ্ট্র সচিব

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এবারের ঈদযাত্রা হবে নিরাপদ এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব জানান,আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই এবং তারা সব কাজের জন্য সতর্ক অবস্থায় থাকবে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে চলে যাবেন। তাদের যাত্রা আনন্দদায়ক ও নিরাপদ করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতায় আমাদের প্রস্তুতি চলছে। আশা করছি, ঈদের সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না।

তিনি আরও বলেন,পুলিশ বাহিনীর কাজ কখনো থামে না। ১৯৬১ সালে থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের ২৪ ঘণ্টার দায়িত্ব অব্যাহত রয়েছে এবং এটি কোনোদিন বন্ধ হয়নি।

এছাড়া মহাসড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি কথা বলেন। মহাসড়কের নিরাপত্তার জন্য অতিরিক্ত নজরদারি নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ অত্যন্ত সচল রয়েছে এবং যাত্রীরা তা নিজেদের চোখে দেখবে। আমাদের পুলিশ বাহিনী আগের তুলনায় এখন অনেক বেশি সচল এবং তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে, বলেন নাসিমুল গনি।

সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, এবারের ঈদযাত্রা হবে নিরাপদ যাতে জনগণ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

All Categories