ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের ছুটি আসছে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৪ মে থেকে এই ছুটি কার্যকর হওয়ার কথা থাকলেও মাঝে সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী ২১ মে ক্লাস শেষেই অবকাশ যাপনের সুযোগ পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হবে আগামী ২৪ মে (রোববার)। তবে তার আগে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২১ মে (বৃহস্পতিবার) হবে অধিকাংশ স্কুল ও কলেজের শেষ কার্যদিবস।
সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ছুটির তালিকা আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। এর ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।
জুন মাসের এই দীর্ঘ ছুটি শেষে জুলাই ও আগস্ট মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেশ কয়েকটি সরকারি ছুটি রয়েছে। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী: জুলাই: আষাঢ়ী পূর্ণিমা ,৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিব ,১২ আগস্ট: আখেরি চাহার সোম্বা ,২৬ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)
এসব উপলক্ষে নির্দিষ্ট দিনগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পৃথক ছুটি নির্ধারিত রয়েছে।