এআই ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক তদারকির দাবি গুতেরেসের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় একটি কার্যকর বহুপক্ষীয় তদারকি কাঠামো গড়ে তোলার জন্য। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এ ধরনের বিশ্বব্যাপী, নীতিভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা জরুরি।

বারবাডোজে অনুষ্ঠিত ‘‘ব্রিজটাউন স্পেশাল সামিট অন এআই সেফটি’’ শীর্ষক সম্মেলনে গুতেরেস উল্লেখ করেন, বর্তমান বিশ্বে ব্যবস্থাপনা কাঠামোগুলো ১৯৪৫ সালের প্রেক্ষাপটে তৈরি হওয়ায় এগুলো আধুনিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না। তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক কাঠামোয় সংস্কারের প্রয়োজন রয়েছে।

গুতেরেসের মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও, তিনি ভবিষ্যতে ‘‘খুনি রোবট’’ তৈরির ঝুঁকি নিয়ে সতর্ক করে বলেন, এআই নিয়ন্ত্রণে স্বাধীন ও নির্ভরযোগ্য তদারকি অপরিহার্য। তিনি পরবর্তী মহাসচিবকে পরামর্শ দিয়েছেন, ‘‘মানবজাতি যেন নিজেদের পৃথিবীর নিয়ন্ত্রণ হারায় না, সে জন্য এআই নিয়ন্ত্রণ সঠিকভাবে করতে হবে।’’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তিতে প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠা এখনো দূরপ্রসারী। তবে গুতেরেস মনে করেন, দেশগুলো যদি নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিক্ষার সাধারণ মান এবং স্বাধীন তদারকিতে একমত হয়, তাহলে বৈশ্বিক নিয়ন্ত্রণ কাঠামো তৈরি হতে পারে।

সেপ্টেম্বরে অ্যানথ্রপিক, ওপেনএআই ও স্পেসএক্সের শীর্ষ কর্মকর্তারা এআই উন্নয়নে গতি কমানোর আহ্বান জানালেও, এনভিডিয়া ও মেটার প্রধানরা এআই উন্নয়ন চালিয়ে যাওয়ার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে এআই নিরাপত্তায় স্বেচ্ছাসেবী আচরণবিধি মেনে চলার সিদ্ধান্ত নেন।

All Categories