দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের পরামর্শ

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ প্রকাশিত হয়।

পরামর্শগুলোর মধ্যে রয়েছে— গুজব থেকে সতর্ক থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের যথার্থতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখা হবে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখতে হবে।

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা করা হবে। তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড প্রদান করা হবে।

পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আজান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপে পূজা চলাকালে এবং বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমের নম্বর: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯; ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনও জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

All Categories