দুবাইয়ে কাজের সূত্রে প্রেম, কেরালার অশ্বিনীর সঙ্গে বিয়ে করলেন মাসুদ রানা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মাসুদ রানা এবং ভারতের কেরালার অশ্বিনী দুবাইয়ের এক রেস্তোরাঁয় কাজের সুবাদে পরিচিত হন এবং পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদালতে গোপনে বিয়ে সম্পন্ন করার পর সম্প্রতি তারা পীরগঞ্জে মাসুদের গ্রামের বাড়িতে এসেছেন।
২০২১ সালের শেষদিকে জীবিকার তাগিদে দুবাই গিয়েছিলেন মাসুদ রানা। কিছুদিন পর একই রেস্তোরাঁয় কর্মরত হন অশ্বিনী। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা প্রেমে পরিণত হয়। মাসুদ রানা অশ্বিনীর কাছে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন।
মাসুদ রানা সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে অশ্বিনী রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে সেলফি তুলছেন। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “সেই সেলফি তোলার পরের দিনই অশ্বিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।”
অশ্বিনী জানান, রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানা সঙ্গে পরিচয় হয়, যা ভালোবাসায় বদলে যায়। তার পরিবার এবং রানার পরিবারের সবাই তাদের সম্পর্ক মেনে নিয়েছেন। বর্তমানে তারা দুবাইয়ে বাসা ভাড়া নিয়ে দুই বছর ধরে সংসার করছেন এবং সম্প্রতি বাংলাদেশে বেড়াতে এসেছেন।
রানার মা জানান, ছেলের সঙ্গে অশ্বিনীর সম্পর্ক ও বিয়ে তাদের পরিবারও স্বীকার করেছে এবং পুত্রবধূকে স্নেহের সঙ্গে গ্রহণ করেছে।