দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা
শরণার্থী হিসেবে দীর্ঘদিন ধরে অবস্থানের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে হতাশা বাড়ছে এবং তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এর দ্বিতীয় দিনে ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ড. ইউনূস।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র মানবিক ইস্যু নয়, এটি একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। এর রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব।
প্রধান উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা কমে গেছে, যা সংকটকে আরও জটিল করে তুলছে। তাঁর মতে, চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান হলো রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় চলতি বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই সম্মেলনে অংশ নিতে কাতারকে আহ্বান জানান ড. ইউনূস।
জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের দায় কেউ এড়াতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে, তার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত। এর মাধ্যমে রাখাইনে ফিরে যাওয়ার জন্য রোহিঙ্গাদের আস্থার জায়গা তৈরি হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াতে কাতারসহ ওআইসি সদস্য দেশগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান ড. ইউনূস। পাশাপাশি তিনি বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “শুধু আলোচনা নয়, এখন সময় সত্যিকার অর্থে কাজ শুরু করার।