দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী ওয়ানডে বিশ্বকাপে জয়ের ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে, ভারতের বিশাখাপত্তনমে।
টস জয়ের পর নিগার সুলতানা বলেন, এটা এমন একটা উইকেট যেখানে ব্যাটাররা রান করতে পারবে। আমরা যদি বোর্ডে ভালো স্কোর দাঁড় করাতে পারি, তবে তা বোলারদের সাহায্য করবে।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ও অলরাউন্ডার রিতু মনি।
অন্যদিকে টস হেরে খুব একটা হতাশ নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। তিনি বলেন, টস জিতলে আমরাও বোলিংই নিতাম। কারণ পরের দিকে শিশিরের কারণে বল গ্রিপ করা কঠিন হবে এবং বল ব্যাটে ভালোভাবে আসবে।
তিনি আরও জানান, ভারতের বিপক্ষে জয়ের পর দল আত্মবিশ্বাসী এবং আজকের ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
প্রোটিয়া দলেও এসেছে দুটি পরিবর্তন। হিপ ফ্লেক্সর ইনজুরির কারণে বিশ্রামে রাখা হয়েছে সুনে লুসকে। একাদশে ফিরেছেন আনেকে ডার্কসেন ও মাসাবাতা ক্লাস।
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বোশ, আনে̀কে ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালো জাফতা, ক্লোয়ি ট্রাইঅন, নাডিন ডি ক্লার্ক, মাসাবাতা ক্লাস, ননকুলুলেকো এমলাবা, তুমি সেখুখুনে।