ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, কর্মপরিকল্পনা প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। কমিশনের প্রস্তুতি চলছে ডিসেম্বরকে কেন্দ্র করেই।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, রিপিটেডলি ঘোষিত যে টাইমলাইন, সেই টাইমলাইনকে ঘিরেই আমরা এগোচ্ছি। সেটি হচ্ছে ডিসেম্বর।
এর আগে একইদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট সময়সীমা না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চলছে সংসদীয় আসনের প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ, ভোটার তালিকা হালনাগাদ এবং রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রম।
তিনি আরও জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য আইন সংশোধন পেলে তিন মাসের মধ্যে সেই কাজ শেষ করা সম্ভব হবে।
‘আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন সংক্রান্ত ওয়ার্কপ্ল্যানের প্রাথমিক কাজ শেষ করতে পারব,’ বলেন তিনি। কমিশনার আশা প্রকাশ করেন, ইসির নির্বাচনী কর্মপরিকল্পনা মুদ্রিত আকারে জুন-জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত তিনটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। অনেকেই সময় বৃদ্ধির আবেদন করেছে। ২০ এপ্রিল নিবন্ধনের সময়সীমা শেষ হবে।
‘গতবার প্রায় ১০০টি আবেদন পড়েছিল। এবারো নিবন্ধন কার্যক্রম যথাসময়ে শেষ করার প্রস্তুতি নিচ্ছি। নিবন্ধিত দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে,’ বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ‘নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে সাধারণত ছয় মাস সময় লাগে। সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী সেই লক্ষ্যেই এগোচ্ছে কমিশন।