ডিমের দাম নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখতে এবং অতিরিক্ত মুনাফা ঠেকাতে বিভিন্ন কাঁচাবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে। শনিবার (৩ অক্টোবর) ফকিরাপুল, কাপ্তান, বাসাবো বউ ও নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাসাবো বউ বাজারে অবৈধভাবে ফুটপাত দখল ও আইন অমান্যের দায়ে দুটি মামলা দায়ের করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয়ের রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।

ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাজার তদারকি করেন। তারা ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি না করতে সতর্ক করেন।

এছাড়া নবাবগঞ্জ বাজারে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লার নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

All Categories