ধর্ষণ শব্দ বাদ দেওয়া নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি, তিনি ‘ধর্ষণ’ শব্দটি পরিহার করার প্রস্তাব দেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ধর্ষণ শব্দটি পরিহার সংক্রান্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আট বছর বয়সী বা ৮০ বছর বয়সী, যেই ব্যক্তির সঙ্গেই হোক না কেন, ধর্ষণ ধর্ষণই। এটি একটি ভয়াবহ অপরাধ, যা কোনওভাবেই নরম করে বা আড়াল করে প্রকাশ করা উচিত নয়। এই ধরনের জঘন্য অপরাধের সঠিক পরিভাষা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতা সহ্য করা হবে না। এই ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং তা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক।
গত শনিবার রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, তার মধ্যে একটি হলো ধর্ষণ। আমি অনুরোধ করছি, আপনি এই শব্দটি ব্যবহার করবেন না। বরং নারী নির্যাতন বা নিপীড়ন ব্যবহার করুন, যেহেতু আমাদের আইনে নারী ও শিশু নির্যাতন উল্লেখ রয়েছে। যেসব শব্দ শুনতে ভালো লাগে না, সেগুলো আমাদের ব্যবহার না করাই উচিত।
ডিএমপি কমিশনারের এই বক্তব্যটির পর নানা মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।