ধর্মগ্রন্থ পাঠ আর জাতীয় সংগীতে শুরু নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর একে একে পাঠ করা হয় গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে। এরপর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।

সমাবেশস্থল ও আশপাশের এলাকা সমর্থকদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সমাবেশের নির্ধারিত অংশের বাইরে দক্ষিণ প্লাজার সামনের অংশে খামারবাড়ি পর্যন্ত প্রায় পুরো সড়কেই অবস্থান রয়েছে মানুষের।

এর আগে জুমার নামাজের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায় ছাত্র-জনতাকে। এ সময় মঞ্চের মাইক থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল- কোন কোন এলাকা থেকে কার নেতৃত্বে মিছিল আসছে।

মঞ্চের সামনেই রাজনৈতিক নেতা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের আসন সাজানো রয়েছে। এরপরেই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা পরিবারের জন্য আসন।

সড়কের ওপর মঞ্চ তৈরি করায় মিরপুর সড়কের আড়ং থেকে খামারবাড়িমুখী রাস্তা বন্ধ রয়েছে। বেলা ৩টার পর থেকে অপরপাশে খামারবাড়ি থেকে আড়ংমুখী সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এজন্য 'সাময়িক অসুবিধার' জন্য এনসিপি'র পক্ষ থেকে 'দুঃখ প্রকাশ' করে বিবৃতি দেওয়া হয়।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির নেতা কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা অংশ নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন।

All Categories