ডাবলিনে পঞ্চম একুশে বইমেলার বর্ণাঢ্য আয়োজন

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে পঞ্চম একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয়ের স্টোকস ভবনে আয়োজিত এই বইমেলায় প্রবাসী কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষার্থী এবং সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। বইমেলাটি বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক কর্মকাণ্ডে পরিপূর্ণ ছিল।

মেলার মূল উদ্দেশ্য ছিল মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগানো, নতুন প্রজন্মকে বাঙালি শেকড়ের সঙ্গে পরিচয় করানো এবং বাংলা সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়া। বই ছাড়াও দেশীয় পোশাক, অলংকার, কুটিরশিল্প এবং ঐতিহ্যবাহী খাবারের স্টল ছিল মেলায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। এরপর গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে ধর্মীয় ঐক্যের বার্তা দেওয়া হয়। জাতীয় সংগীতের সময় সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। সূচনা পর্ব পরিচালনা করেন মিল্টন হক ও শাহিনা শীলা, সমন্বয় করেন কাজী কবীর। পরে আয়োজক ও মেলা পরিচালনা কমিটির সদস্যরা স্টল পরিদর্শন করেন।

বইমেলায় প্রবাসী লেখকদের বইয়ের পাশাপাশি পাঠকদের জন্য আলাদা আয়োজন ছিল। জা. মালিকের ‘ক্লান্ত বেদুইন’, ওমর এফ নিউটনের ‘দ্য লাইব্রেরি অফ ওমর এফ নিউটন’, কামরুন নাহার রুনুর ‘কাব্যশ্রী’, ড. শ্যামল হোসেনের ‘স্বর্ণচাঁপা’ ও ড. জাকিয়া রহমানের ‘তবুও বৃক্ষের আশা: আত্মিক চিৎকারের বিবেকী উচ্চারণ’ বইগুলো বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করে।

অন্য দিকে সাগর আহমেদ শামীমের ‘তাসনুভা শামীম ফাউন্ডেশন আয়ারল্যান্ড’, শাহাদাত চৌধুরীর ‘পটল কাণ্ড’, হাফিজুর রহমান লিংকনের ‘ব্রহ্মপুত্র: শৈশবের নদী’সহ আরও অনেক বই মেলায় স্থান পায়। শিশুতোষ বইয়ের সংগ্রহও ফারিয়া, ফাতিন ও ফারহানের উদ্যোগে রাখা হয়।

বাংলাদেশি পোশাক, অলংকার এবং গহনার পাশাপাশি দেশীয় খাবারের স্টল ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চটপটি, ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গারা, সমুচা, পিঠাপুলি, বিরিয়ানি ও খিচুড়িসহ নানা ধরনের খাবার পরিবেশিত হয়।

শিশু-কিশোরদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিশুরা অংশ নেন। এই পর্ব পরিচালনা করেন মানিক মনিরুজ্জামান, মৌসুমী শশী ও অপু কবীর। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সনদ, পদক ও কলম প্রদান করা হয়। শায়মা শহীদ লীফার নেতৃত্বে শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনাও মেলার আনন্দ বাড়ায়।

আয়ারল্যান্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মান জানাতে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা, পদক ও কলম তুলে দেওয়া হয়। ড. ফরহাদ আহমেদ ও মালিহা আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন, সমন্বয় করেন সৈয়দ মোস্তাফিজুর রহমান ও খুরশীদ আনোয়ার আকাশ।

বিকেলে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ভার্চুয়ালি যুক্ত হয়ে। উদ্বোধনী পর্ব পরিচালনা করেন ড. শ্যামল হোসেন ও সজল মিত্র রিচার্ড। উদ্বোধনী বক্তব্য দেন ড. জাকিয়া রহমান এবং অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সভাপতি মোহাম্মদ মোস্তফা।

উদ্বোধনের পরে প্রবাসী কবি ও সাহিত্যিকদের পরিচিতি তুলে ধরা হয়। কাজী কবীর ও শাহিনা শীলার ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনের শেষ ভাগে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিদারুল আলম, মিল্টন হক ও দিলীপ বড়ুয়ার পরিচালনায় গান ও অন্যান্য পরিবেশনা মেলার মঞ্চকে প্রাণবন্ত করে তোলে। কাজী কবীর, মিল্টন হক ও দিদারুল আলম এই পর্যায়ের সমন্বয় করেন।

সমাপ্তিতে নতুন প্রজন্মের একজন প্রতিনিধি ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এবং সমাপনী বক্তব্যে সৈয়দ মোস্তাফিজুর রহমান মেলার সফল আয়োজনের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান। তিনি ২০২০ সালে প্রথম মেলার সময় যাদের সঙ্গে পথচলা শুরু হয়েছিল তাদের স্মরণ করেন।

মেলার সার্বিক ব্যবস্থাপনা, মঞ্চ পরিচালনা ও বিভিন্ন কার্যক্রমে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা ছিল অসামান্য। আয়োজনে অংশ নেয়া ছিলেন আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশি সংগঠন আবাই এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। প্রবাসী লেখক, পাঠক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে বইমেলা একটি সফল সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

ভাষাশহীদদের আত্মত্যাগের স্মৃতিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনায় প্রবাসে এ ধরনের আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্ক আরও দৃঢ় করছে। ডাবলিনে অনুষ্ঠিত পঞ্চম একুশে বইমেলা এ ধারাবাহিকতায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল।

All Categories