ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান। পরে তিনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন।
এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সে সময় নেতারা তাঁকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।
শুভেচ্ছা বিনিময় সভায় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, গত বছর ঢাকেশ্বরী মন্দিরে এসে আপনি বলেছিলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা হবে এমন দেশ আমরা চাই না। আমরা প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের কাছ থেকে এমন বক্তব্য শুনেছি। আপনার সেই বক্তব্য এখনো আমাদের অনুপ্রেরণা জোগায়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, “আপনার দায়িত্বকালে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হয়েছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভুয়া খবর ছড়ানো হচ্ছে, আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণ নিশ্চিত হবে।
হিন্দু ধর্মীয় নেতারা জানান, এবার এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে।সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।