ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

তিনি বলেন, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।

এদিকে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে ভারত থেকে ২১৬ কিলোমিটার (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং তা এলাকাটিতে ব্যাপকভাবে অনুভূত হয়। ভূমিকম্পের অগভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রস্থলের কাছে কম্পন বেশি তীব্রভাবে অনুভূত হয়।

All Categories