ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে স্থানীয়রা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরুর পর ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এর আগে শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে এ অবরোধের ঘোষণা দেয়।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বলেন, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্যায্যভাবে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ সিদ্ধান্ত স্থানীয়দের কাছে অযৌক্তিক ও অগণতান্ত্রিক।
তিনি আরও বলেন, ভৌগোলিকভাবে নগরকান্দা ও সালথা উপজেলা ভাঙ্গা থেকে অনেক দূরে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কিংবা যোগাযোগ—কোনো দিক দিয়েই ফরিদপুর-২ আসনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যাচাই-বাছাই ছাড়া নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত দুই ইউনিয়নের মানুষের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।
চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানান, টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। অবরোধের স্থান নির্ধারণ করা হয়েছে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি, মুনসুরাবাদ ও পুলিয়া বাসস্ট্যান্ড, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট, মাধবপুর, হামিরদী ও পুখুরিয়া বাসস্ট্যান্ড এবং পুখুরিয়া রেলক্রসিং এলাকায়।
তিনি বলেন, আমাদের আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারপরও নির্বাচন কমিশন কোনো বক্তব্য দেয়নি। দুই ইউনিয়নের সীমানা ভাঙ্গার সঙ্গে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি আরও জানান, অবরোধ কর্মসূচি শেষে নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপর কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।