ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের দিকে তারা সিটি কলেজের কাছাকাছি চলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের কয়েকজনের হাতে লাঠিও দেখা গেছে।
বেলা ১টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সায়েন্স ল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন সেটা আর নেই। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। তবে এর আগেও গত ১৫ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশ বলছে, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে।