ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি দায়িত্বে

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে।

বিজিবি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব সদস্য সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া (ঢাকা জেলা), শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল (নারায়ণগঞ্জ জেলা) এবং চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুর (গাজীপুর জেলা) এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

প্রযুক্তিনির্ভর নজরদারির জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ড্রোন, বডি-ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

All Categories