ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল হাইকোর্টে স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করেন।
হাইকোর্টের আদেশের পেছনে রয়েছে এক শিক্ষার্থীর রিট, যেখানে তিনি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ করেন। শুনানির পর, আদালত পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ প্রদান করেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির। জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর এক পরীক্ষার্থী পরীক্ষা নিয়ে “একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন” করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে ওই শিক্ষার্থী দাবি করেন, প্রশ্নপত্রে ভুল থাকার কারণে সুষ্ঠু ফলাফল প্রকাশ সম্ভব নয়। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করেন, এবং পাশাপাশি ২০ ফেব্রুয়ারি তার করা আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।